জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ

Tags: , , , , , , , , , , , ,

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। বুধবার (২৬ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, কলেজের অধ্যক্ষরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বিতরণ করবেন। পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ শেষ করতে হবে।

পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার হলে হাজিরা দেওয়ার সময় প্রত্যেক পরীক্ষার্থীকে মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া পরীক্ষা-সংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জরুরি তথ্য জানতে পরীক্ষার্থীদের প্রতিদিন অন্তত তিনবার—সকাল, দুপুর ও রাতে—বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা-সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি ডাকযোগে পাঠানো হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না।