কিশোর-কিশোরীদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে আসছে নতুন নিয়ম

Tags: , , , , , , , , ,

কিশোর-কিশোরীদের জন্য ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারে আরও কড়াকড়ি আনছে মেটা। নতুন নিয়মে প্রতিদিন অ্যাপ দুটিতে ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা হবে। পাশাপাশি অপরিচিতদের সঙ্গে যোগাযোগ, নোটিফিকেশন, কনটেন্ট দেখার ধরন এবং বয়স যাচাইয়েও থাকবে বাড়তি নিয়ন্ত্রণ। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মূলত যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্য, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া ও কয়েকটি মার্কিন অঞ্চলের সঙ্গে করা সমঝোতার অংশ হিসেবে এসব পরিবর্তন আনছে মেটা। সামাজিক যোগাযোগমাধ্যম অল্পবয়সীদের মধ্যে আসক্তি তৈরি করতে পারে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সমঝোতা হয়েছে।

মেটা জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে নতুন ফিচারগুলোর বেশিরভাগ চালু করা হবে। তবে বয়স যাচাইসংক্রান্ত কিছু পরিবর্তন কার্যকর করতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

নতুন নিয়মে কিশোর-কিশোরীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের দৈনিক সীমা ডিফল্টভাবে দুই ঘণ্টা রাখা হবে। তবে অভিভাবক চাইলে প্যারেন্টাল সেটিংসের মাধ্যমে সন্তানকে আরও বেশি সময় অ্যাপ দুটি ব্যবহারের অনুমতি দিতে পারবেন। এ ছাড়া রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ দুটির ব্যবহার বন্ধ থাকবে। স্কুল চলাকালীন সময়েও তাদের কাছে নোটিফিকেশন পাঠানো হবে না। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নোটিফিকেশন নীরব থাকবে।

এদিকে দীর্ঘ সময় অ্যাপ দুটি ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক করা হবে কিশোর-কিশোরীদের। টানা ১৫ মিনিট ব্যবহারের পর প্রথম সতর্কবার্তা আসবে। এরপর ৬০ মিনিট ও ৯০ মিনিট ব্যবহারের পর আবার সতর্ক করা হবে।

নতুন নিয়মে প্রথমবারের মতো অটোপ্লে বন্ধ করার সুযোগ পাওয়া যাবে। ফলে স্ক্রল করার সময় ভিডিও বা অন্য কোনো কনটেন্ট নিজে থেকে চালু হবে না। এ ছাড়া চাইলে ব্যক্তিগত পছন্দ ও অনলাইন কর্মকাণ্ডের ভিত্তিতে তৈরি অ্যালগরিদম-নির্ভর ফিডও বন্ধ করা যাবে। অর্থাৎ ব্যবহারকারীরা এমন কনটেন্ট দেখতে পারবেন, যা তাদের আগের কর্মকাণ্ড বা আগ্রহ বিশ্লেষণ করে বাছাই করা হয়নি।

এ ছাড়া কিশোর-কিশোরীদের জন্য পোস্টের লাইক সংখ্যাও লুকিয়ে রাখা হবে। পাশাপাশি কসমেটিক সার্জারির অনুকরণ করে তৈরি কিছু অতিরিক্ত মেকআপ ফিল্টার ও ইফেক্ট ব্যবহারের সুযোগ থাকবে না।

অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের অনাকাঙ্ক্ষিত যোগাযোগ থেকে কিশোর-কিশোরীদের সুরক্ষায়ও ব্যবস্থা জোরদার করতে যাচ্ছে মেটা। প্রাপ্তবয়স্করা যাতে সহজে তাদের মেসেজ পাঠাতে বা তাদের কনটেন্ট দেখতে না পারেন, সে জন্য নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করা হবে। তবে ঠিক কীভাবে এসব বিধিনিষেধ কার্যকর হবে, তা এখনো বিস্তারিত জানায়নি মেটা।

ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য কিশোর-কিশোরীদের নতুন ব্যবস্থাও দেওয়া হবে। মেটা জানিয়েছে, এ ধরনের ৯০ শতাংশ অভিযোগ ছয় ঘণ্টার মধ্যে পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার লক্ষ্য রয়েছে।

অন্যদিকে অভিভাবকরা আগের মতোই সন্তান কতক্ষণ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে, কী সার্চ করছে এবং প্রাপ্তবয়স্কদের সঙ্গে কী ধরনের যোগাযোগ করছে- এসব তথ্য দেখার সুযোগ পাবেন। এছাড়া সন্তান নতুন অ্যাকাউন্ট খুললে কিংবা মেটার কাছে সন্দেহজনক মনে হয় এমন কারও সঙ্গে যোগাযোগ করলে অভিভাবকদের সতর্কবার্তাও দেওয়া হবে।

বয়স যাচাইয়ের প্রযুক্তিতেও বিনিয়োগ বাড়াতে চলেছে মেটা। এর মাধ্যমে কিশোর ব্যবহারকারীদের শনাক্ত করার পাশাপাশি ১৩ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার উদ্যোগ জোরদার করা হবে।

মেটা এরই মধ্যে ‘টিন অ্যাকাউন্টস’ চালু করেছে। এর আওতায় ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে তুলনামূলক কঠোর নিরাপত্তা সেটিংসে রাখা হয়েছে। নতুন এই সমঝোতার ফলে এসব নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী হবে। ফলে আগামী কয়েক মাসে কিশোর-কিশোরীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের ধরনেও বড় পরিবর্তন আসতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে