ম্যানেজিং কমিটি নয়, এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগ

সভায় অংশ নেয়া মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও নিয়োগের আগের ব্যবস্থাই কার্যকর থাকবে। গত ৩ আগস্টের সভায় নেওয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এ বিষয়ে শিগগিরই পরিপত্র জারি করা হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে সরাসরি নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। বিতর্কের মুখে গত ৩ আগস্টের সেই রেজুলেশন বাতিল করে আগের পদ্ধতিই বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

একই সঙ্গে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রচলিত কাঠামোও বহাল থাকছে। অর্থাৎ, আগের মতো প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পেরিয়ে নিবন্ধন সনদ অর্জন করতে হবে প্রার্থীদের। নিবন্ধন সনদধারীদের মধ্য থেকেই এনটিআরসিএ শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে সভায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেয়া মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও নিয়োগের আগের ব্যবস্থাই কার্যকর থাকবে। গত ৩ আগস্টের সভায় নেওয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এ বিষয়ে শিগগিরই পরিপত্র জারি করা হবে।