টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যে সব অঞ্চলে
Tags: banglanews, banglanews24, news24, Rain, todaynews, updatenews, weather
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থায় আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।
পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই অবস্থায় আগামী বৃহস্পতি ও শুক্রবার (২৭-২৮ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই দু’দিনে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আগামী শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিনও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
অন্যদিকে আগামী রোববার ও সোমবার (৩০-৩১ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই দু’দিনেও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এর মধ্যে রোববার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও সোমবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের টেকনাফে দেশের সর্বোচ্চ ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে ঢাকায় ৩৪ মিলিমিটার ছাড়াও কক্সবাজারে ১৯, ফরিদপুর ও সিলেটে ১৩, পটুয়াখালীতে ১২, নোয়াখালীর মাইজদীকোর্টে ৯, বান্দরবানে ৮, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে ৫ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।